Tuesday, 26 September 2023

জ্যৈষ্ঠের তাপদাহ

প্রায় দুপুর ।

রৌদ্রের দুর্দান্ত প্রতাপ ।

উষ্ণতার কাছে অনিবার্য বশ্যতা স্বীকার । 

জ্যৈষ্ঠের তাপদাহে তৃষ্ণার্ত হৃদয় ।

মাঝে মধ্যে বিরক্তিকর বিদ্যুৎ বিভ্রাট ।

যেনো মরার উপর খাঁড়ার ঘা ।

সাময়িকভাবে বিপর্যস্ত জনজীবন ।

তবুও, যে যার মতোই কর্মব্যস্ত ।

লবণাক্ত ঘাম ঝরে শরীরের সূক্ষ্ম রোম কূপ থেকে ।

কেউ তৃপ্ত হয় লেবু শরবত, ডাব, তরমুজ, লিচু, পেঁপে, আম, আনারস, কমলা ও তালের শ্বাঁসে ।

অথবা ঠাণ্ডা কোমল পানীয় বা হিমায়িত আইসক্রিমে ।

আবার কেউ পরিতুষ্ট হয় নলকূপ, দিঘি, নদী, খাল, বিল, হাওর, জলাধার, স্নান কক্ষ ও সাঁতার-পুকুরে ।

কিংবা বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্মুক্ত আকাশের নিচে ।

কারো সম্বল তালপাতার হাতপাখা ৷

কেউবা স্বাদ মেটায় আমলকি, রোয়াইল, আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, করমচা, চালতা, কৎ বেল, জামরুল, জলপাই, বিলাতী বেগুন, বরই ও কাঁচা আম ভর্তায় ।

যদিও কমতি নেই তাপদাহের চোখ রাঙানি ।

বৃষ্টি প্রত্যাশিত চাতক পাখির আকাশ পানে দৃষ্টিপাত ।

অবিরাম ডুব-সাঁতারে ব্যস্ত বুনো রাজহাঁস দম্পতি ।

সূর্যের প্রখর তাপে গলায়মান পিচ ঢালা পথে মানব পদচিহ্ন ।

গাড়ী চালক গন্তব্যের সময়টুকুকে মুষ্টিবদ্ধ করে ছুটে যায় তীব্র গতিতে ।

দূরবর্তী তপ্ত পথে দৃশ্যমান ঝাপসা-ধোঁয়াশা ।

বেওয়ারিশ কুকুরটির ঘন ঘন শ্বাস-প্রশ্বাসের সাথে বের হওয়া অর্ধ-জিহ্বা থেকে লালা নির্গত হয় । 

হঠাৎ সাইরেন বাজিয়ে ধেয়ে আসা অ্যাম্বুলেন্স দেখে আঁতকে উঠে প্লীহা ।

অস্বস্তিকর উষ্ণতায় অপেক্ষমাণ ক্লান্ত পথিকের বাড়ি ফেরার তাড়া ।

মনে হয়, নিষ্প্রাণ দেহে সটান দাঁড়িয়ে আছে সারি সারি সবুজ গাছগুলো ।

আচমকা দক্ষিণা দমকা হাওয়া ।

পরিতৃপ্ত করে মন এবং সতেজতায় প্রাণ ফিরে পায় প্রকৃতি ।

এ এক পরম প্রশান্তি । 


No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...