মোনাল হচ্ছে বেশ কয়েকটি এশীয় তিতির পাখি প্রজাতির মধ্যে একটি । হিমালয় মোনালের এক আকর্ষণীয় রঙের বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য শোভাময় তিতির পাখি থেকে আলাদা করে । অবিশ্বাস্য সুন্দর ও বৈচিত্র্যময় রঙের পুরুষ পাখিটি একটি মুরগির মতো । প্রাপ্তবয়স্ক পুরুষ মোনালকে রংধনু রঙের উজ্জ্বল পালকের (Iridescent plumage) কারণে চমৎকার লাগে । হিমালয়ান পুরুষ মোনালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মাথায় লম্বা ধাতব সবুজ ঝুঁটি, পিঠে ও ঘাড়ের পালকে উজ্জ্বল নীল-সবুজ রঙের আধিপত্য, গলায় উজ্জ্বল কমলা রঙের নিচে কিঞ্চিৎ হলুদের বাহারি মিশ্রণ এবং কিছু বিশিষ্ট সাদা পালক পিঠ বরাবর নীলের সাথে মিশে থাকে যা পাখিটি উড়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি দেখা যায় । পুরুষ পাখির সুদর্শন লেজের পালক লালচে বাদামী রঙের এবং অগ্রভাগের দিকে গাঢ় রঙ । পুরুষ মোনাল আকর্ষণীয় উজ্জ্বল রঙের হয়ে থাকে । যেখানে নারী মোনাল অস্পষ্টভাবে রঙিন । নারী মোনালের বর্ণ হচ্ছে বাদামী এবং ঈষৎ পীতাভ মিশ্রণ । চোখের চারপাশে ফ্যাকাশে-নীল বৃত্তাকার রঙ ও চিবুকের নিচে বিশিষ্ট সফেদ দাগ থাকে । লেজের উপর সামান্য পরিমাণে সাদা ফালা এবং কালো ও হাল্কা লাল রঙে পালক বাধা থাকার কারণে উড়ে যাওয়ার সময় নারী মোনালকে আলাদা করে চেনা যায় । নারী মোনালের নিঃশব্দ সুর বেশি থাকে । একটি বড় আকারের মোনাল প্রায় ৭০ সেঃমিঃ (২৮ ইঞ্চি) লম্বা হয় । পুরুষ পাখির ওজন প্রায় ২৩৮০ গ্রাম (৮৪ oz) এবং নারী পাখির ওজন প্রায় ২১৫০ গ্রাম (৭৬ oz) পর্যন্ত । হিমালয় মোনাল ২১০০ - ৪৫০০ মিটার (৬৯০০ - ১৪৮০০ ফুট) উচ্চতায় তুষারময় হিমালয় বন এবং ঝোপঝাড়ের আদি বাসিন্দা । উন্মুক্ত বনভূমি, ঘাসযুক্ত ঢাল, দুরারোহ পর্বতগাত্র, আলপাইন তৃণভূমি এবং উচ্চ নাতিশীতোষ্ণ ওক-কনিফার বনে পাখিটি বাস করে যেখানে ২৭০০ - ৩৭০০ মিটার (৮৯০০ - ১২১০০ ফুট) উচ্চতার মধ্যে এটিকে সবচেয়ে বেশি দেখা যায় । এলাকার অন্যান্য তিতির প্রজাতির পাখির তুলনায় এ পাখিটির অধিক মৌসুমী গতিবিধি লক্ষ্য করা যায় এবং শীতকালে প্রায় ২০০০ মিটার (৬৬০০ ফুট) পর্যন্ত অনেক নিচে নেমে আসে । সাধারণত এমন উচ্চতায় ঘাসের মধ্যে খাদ্যের সন্ধান করে । হিমালয় মোনাল মাংসাশী (পতঙ্গভুক প্রাণী) এবং তৃণভোজী (শস্য/বীজভোজী, ফলভোজী) । সর্বভুক মোনাল পাখি তার শক্ত বাঁকা চঞ্চু ও নখর ব্যবহার করে পোকামাকড়, শিকড়, বীজ এবং কন্দের মতো খাদ্য খুঁজে বের করার জন্য মাটি আঁচড়ে ফেলে । বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীর শিকার খুঁজে পেতে উদ্ভিদের শিকড়ের মধ্যে খনন করে । মোনাল প্রাথমিকভাবে শস্য, বীজ, বেরি, পোকামাকড়, কোমল পাতা এবং বাদাম ইত্যাদি খাদ্যগ্রহণ করে । প্রায়শঃ খাদ্য হিসেবে অমেরুদণ্ডী প্রাণীকে শিকার করার জন্য তুষার খনন করে থাকে । হিমালয় মোনাল হচ্ছে সামাজিক পাখি, যেটিকে প্রায়ই জোড়া বা ছোট দলে দেখা যায় । শীতকালে এ পাখি সাধারণত বৃহৎ পক্ষীদলে জড়ো হয় এবং বিশ্রাম বা ঘুমানোর জায়গায় সাম্প্রদায়িকভাবে বসবাস করে । মোনাল পাখি দিনের বেলায় সক্রিয় থাকে এবং তন্ন তন্ন করে খাদ্যের খোঁজে এটি বেশিরভাগ সময় ব্যয় করে । প্রজনন মৌসুমে শক্তিশালী জোড়া বন্ধন গঠন করে যা এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত হয় । এ সময় লড়াইপ্রিয় একটি পুরুষ মোনালের পায়ে এক বা একাধিক Spurs এবং মুখে মাংসল অলঙ্কার থাকতে পারে । প্রণয়প্রার্থনাকারী পুরুষ মোনাল কখনো কখনো নারী মোনালের উপস্থিতিতে মৃত্যুর সাথে লড়াই করে, যারা হট্টগোলের প্রতি একেবারেই উদাসীন বলে মনে হয় । উচ্চ-উচ্চতার হিমালয় মোনাল অত্যন্ত যোগাযোগকারী । সঙ্গীকে আকৃষ্ট করতে এটি চমৎকার শরীর প্রদর্শন, নৃত্য এবং কণ্ঠস্বর সবই ব্যবহার করে । সঙ্গীর জন্য সন্তুষ্টি, আগ্রাসন এবং সংকেত প্রকাশ বা সঙ্গীকে আকৃষ্ট করতে বিস্তৃত পরিসরে তাকে আহ্বান করে । সত্যিই, রোমাঞ্চকর । প্রজনন ঋতুতে পুরুষ মোনাল তার সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টায় সারা দিন খুব সোচ্চার থাকে । সঙ্গমের সময় পুরুষ মোনাল বহুগামী হয় যেখানে সে বেশ কিছু নারীর সাথে সঙ্গম করে । অন্যদিকে নারী মোনাল পালাক্রমে শুধুমাত্র নির্বাচিত পুরুষের সাথে সঙ্গম করে এবং একগামী সম্পর্কের মধ্যে প্রবেশ করে । হিমালয় মোনালের প্রজনন শুরু হয় যখন সে উচ্চ উচ্চতায় অভিপ্রয়াণ করে । নারী মোনাল পাখি মাটিতে একটি অগভীর বাসা খনন করে এবং প্রতি মৌসুমে ৩ - ৫টি ডিম পাড়ে । সে প্রায় ২৭ দিন ধরে ডিমে তা দেয় এবং ডিমগুলোতে তা দেয়ার সময় (Incubation period) পুরুষ মোনাল সুরক্ষার জন্য কাছাকাছি থেকে পাহারা দেয় ও প্রায় ছয় মাস পর্যন্ত বাচ্চাকে বড় করতে সাহায্য করে । হিমালয় মোনাল হচ্ছে তিতির পাখির Phasianidae পরিবারের Lophophorus প্রজাতির একটি পাখি । Phasianinae পরিবারের ১৬টি বংশের প্রায় ৫০টি প্রজাতি রয়েছে । চাইনিজ মোনাল (L. lhuysii) এখন শুধুমাত্র পশ্চিম চীনে পাওয়া যায়, যদিও এটি একটি বিপন্ন প্রজাতি । হিমালয় মোনালকে Impeyan monal এবং Impeyan pheasant বলা হয় । মোনাল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে: Lophophorus impejanus । এ বৈজ্ঞানিক নামটি বাংলার ব্রিটিশ প্রধান বিচারপতি Sir Elijah Impey এর স্ত্রী Lady Mary Impey কে স্মরণ করে । হিমালয় মোনাল তুষার সহ্য করতে পারে । এ পাখিটি পূর্ব আফগানিস্তান থেকে হিমালয় হয়ে পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, মায়ানমার এবং চীন পর্যন্ত প্রাকৃতিক পরিসরে বসবাস করে । ভারতের জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশে মোনালকে দেখা যায় । এ পাখিটি ভারতের উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি এবং সেখানে এটি মোনাল নামে পরিচিত । পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, কাগান, পালাস উপত্যকা এবং আজাদ কাশ্মীরেও এটির দেখা মেলে । মোনাল নেপালের জাতীয় পাখি এবং স্থানীয়ভাবে এটি Danphe বা Danfe নামে পরিচিত । বন্দিদশায় এ পাখি ১০ - ১২ বছর যে কোনো জায়গায় বেঁচে থাকে । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ সুন্দর পাখিটিকে খাবারের জন্য শিকার করা হয় । কিছু কিছু এলাকায় বাসস্থান ধ্বংস, শিকার এবং অন্যান্য নৃতাত্ত্বিক কারণের ফলে হিমালয় মোনাল আজ হুমকির সম্মুখীন । পশ্চিম হিমালয় অঞ্চলে জলবিদ্যুৎ উন্নয়নের সাথে জড়িত মানুষের কর্মকাণ্ডেও এটির উপর নেতিবাচক প্রভাব পড়ছে । বিস্ময়কর যে, কোথাও কোথাও মোনাল জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ মাইলে মাত্র পাঁচ জোড়ার মতো । ফলে, পাখিটি বিরল কিংবা এটির জনসংখ্যা বিপন্ন হয়ে পড়ছে । International Union for Conservation of Nature (IUCN) এর লাল তালিকায় মোনাল পাখিকে ন্যূনতম উদ্বেগ (Least Concern বা LC) হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে । হিমালয় মোনাল প্রকৃতির অনুপম সৌন্দর্য । কিন্তু, আজ এটির সংখ্যা হ্রাস পাচ্ছে । আবার কিছু এলাকায় মোনালকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় । এছাড়া, মোনালের প্রধান হুমকি হচ্ছে চোরাশিকার । পুরুষ মোনালের সৌন্দর্যময় ঝুঁটি পালকগুচ্ছ বেশ মূল্যবান । এগুলো অলঙ্কারাদি হিসেবে বা সাজসজ্জায় ব্যবহৃত হয় বলে মায়াবী সুন্দর এ পাখিটিকে নির্মমভাবে হত্যা করা হয় । কারণ, হিমালয় মোনালের ঝুঁটি পালকগুচ্ছকে মর্যাদা এবং কর্তৃত্বের প্রতীক বলে মনে করা হয় । যাই হোক, মোনালকে রক্ষা করা এবং এটির আবাসস্থলকে সম্পূর্ণ নিরাপদ রাখতে হবে । একে অবাধ বিচরণের সুযোগ করে দিতে হবে । পাশাপাশি জরুরি ভিত্তিতে চোরাশিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । তবেই, প্রকৃতি হবে সুরক্ষিত ।
তথ্যসূত্র: https://en.wikipedia.org/ , https://www.inaturalist.org/ , https://wildlifepark.novascotia.ca/ , https://www.elmwoodparkzoo.org/ , https://animalia.bio/

No comments:
Post a Comment