Sunday, 30 March 2025

ঘু-ঘু পাখি

* ছবি: Mou Zoroz 

ঘু-ঘু বাংলাদেশের অতি পরিচিত পাখি । সাধারণতঃ গ্রামাঞ্চলেই একে বেশি দেখা যায় । ঘু-ঘু পাখি কলাম্বিডি পরিবারের অন্তর্গত । বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের আবাসস্থল । এছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও ঘু-ঘু পাখি দেখা যায় । পৃথিবীতে প্রায় ৩৬ প্রজাতির ঘু-ঘু পাখি রয়েছে । এদের মধ্যে বাংলাদেশে ৬টি প্রজাতির ঘু-ঘু পাখির দেখা মেলে । বাংলাদেশের প্রায় সর্বত্রই ঘু-ঘু পাখির অবাধ বিচরণ রয়েছে । যদিও বর্তমানে এ লাজুক ও চঞ্চল পাখিটির সংখ্যা দ্রুতহারে হ্রাস পাচ্ছে । বাংলাদেশের বন্যপ্রাণী আইনে ঘু-ঘু প্রজাতিটি সংরক্ষিত । ঘু-ঘু পাখির সুমধুর ডাকে প্রাণ জুড়ে যায় । অনিন্দ্য সুন্দর এ পাখিটি দেখতে প্রায় কবুতরের মতোই । বিভিন্ন প্রজাতির ঘু-ঘু পাখি যেমন: তিলা ঘু-ঘু, রাম ঘু-ঘু, সবুজ ঘু-ঘু, রাজ ঘু-ঘু, ছোট ঘু-ঘু এবং লাল ঘু-ঘু ইত্যাদি । তিলা ঘু-ঘু বা তেলিয়া ঘু-ঘু বা ছিটে ঘু-ঘু নামে পরিচিত প্রজাতিটি বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখা যায় । ঘু-ঘু পাখি গাছপালা, জঙ্গল, আার্দ্র পাতাঝরা বন, বাগান, কুঞ্জবন এবং আবাদি জমিতে বিচরণ করে থাকে । শহর অঞ্চলেও ঘু-ঘু পাখি দেখা যায় । এরা সচরাচর জোড়ায় জোড়ায় কিংবা ছোট দলবদ্ধভাবে চলাচল করে । গ্রামের মাঠ-ঘাটে, বন-জঙ্গলে, তৃণভূমি, খামার, আবাদি জমি বা শস্যভিটায় এবং রাস্তাঘাট ইত্যাদি জায়গায় ঘু-ঘু পাখি একাকী বা জোড়ায় জোড়ায় হেঁটে হেঁটে শস্যদানা খায় । অনেক সময় এদেরকে গহীন বনে দেখা যায় । ঘু-ঘু পাখি প্রকৃতির এক অনুপম সৌন্দর্য । পুরুষ ঘু-ঘু পাখি ডাকতে পছন্দ করে । স্ত্রী-পুরুষ ঘু-ঘু দেখতে প্রায় একই রকম । প্রজনন মৌসুম (এপ্রিল-জুলাই মাসে) পুরুষ ঘু-ঘু পাখি তার সঙ্গীকে কাছে পাওয়ার জন্য মাথা নাচিয়ে মায়াবী সুরে অনবরত ডাকতে থাকে । অত্যন্ত সুলভ প্রজাতির এ পাখি সাধারণতঃ ঝোপ-ঝাড় ও গাছপালায় বাসা বানিয়ে ডিম পাড়ে । একটি প্রাপ্ত বয়স্ক সবুজ ঘু-ঘু পাখি দেখতে সবচেয়ে সুন্দর । সবুজ ঘু-ঘু প্রায় ৬-৭ বছর বেঁচে থাকে । শান্তিপ্রিয় এ পাখিটি শহরে লোক সমাগম এবং যানবাহনের বিকট শব্দের কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে । শুধুমাত্র শব্দ দূষণই নয়, চোরা শিকারীরা ফাঁদ পেতে ঘু-ঘু পাখির সংখ্যা ক্রমেই হ্রাস করছে । ঘু-ঘু পাখি বৈচিত্র্যময় প্রকৃতির অমূল্য সম্পদ । এটিকে রক্ষা করা আমাদের কর্তব্য । 

* তথ্যসূত্র: আন্তর্জাল, উইকিপিডিয়া । ছবি: Mou Zoroz । 

No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...