Tuesday, 15 July 2025

অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবক


হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের ধারণকৃত অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকের এটি সাম্প্রতিক ছবি, যা পৃথিবী থেকে প্রায় ২.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে সিটাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত । ১৯৫৮ খ্রিস্টাব্দে জর্জ ও. অ্যাবেল দ্বারা সংকলিত অ্যাবেল ক্যাটালগে এটি অন্তর্ভুক্ত হয় । অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকটি অ্যাবেল ২২২ ছায়াপথ স্তবকের আশেপাশে অবস্থিত, যেখান থেকে এটি প্রায় ১৯.২ মেগাপারসেক (৬২.৬ মিলিয়ন আলোকবর্ষ) দূরত্বে বিচ্ছিন্ন । অনুমান করা হয়, অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকের লাল অপসারণ বা লাল স্থানান্তর (Red shift) হচ্ছে জেড = ০.২০৯ । অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকের বিশাল মহাসমাবেশে শতাধিক ছায়াপথ রয়েছে যার বেশিরভাগই মসৃণ ও সোনালী রঙের উপবৃত্তাকার হিসেবে দেখা যায় এবং সাথে মিশে আছে কয়েকটি নীল রঙের সর্পিল ছায়াপথ । দৃশ্যমান ছায়াপথগুলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করলেও, তারা কেবল হিমশৈলের চূড়া । তাদের মধ্যবর্তী স্থানটি গরম এক্স-রে নির্গত গ্যাস দিয়ে পরিপূর্ণ । অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকে অন্ধকার পদার্থের প্রাধান্য রয়েছে, যা এর ভরের প্রায় ৮০ শতাংশ । অ্যাবেল ২০৯ ছায়াপথ স্তবকের শক্তিশালী মহাকর্ষীয় লেন্সিং সূক্ষ্মভাবে পটভূমির ছায়াপথগুলোকে ম্লান বা ক্ষীণ বৃত্তে বিকৃত করে, যা ছায়াপথ স্তবকের লুকানো ভর মানচিত্র করা এবং অন্ধকার পদার্থের বন্টন অনুসন্ধানের জন্য সরাসরি উপায় প্রদান করে । কারণ, অ্যাবেল ২০৯ এর মতো ছায়াপথ স্তবকগুলো মহাবিশ্বের বৃহত্তম আবদ্ধ কাঠামোর মধ্যে একটি এবং এদের বিশদভাবে পরীক্ষা করা হলে বিজ্ঞানীদের মহাজাগতিক কাঠামো গঠন, অন্ধকার পদার্থ ও অন্ধকার শক্তির তত্ত্বগুলো পরীক্ষা করতে সাহায্য করবে । 

তথ্যসূত্র: Future Worlds, উইকিপিডিয়া ।

চিত্রের কৃতিত্ব: ESA/Hubble/NASA/M.  Postman/P. Kelly । 

No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...