Saturday, 28 March 2020

Paper Flower / Lesser Bougainvillea (বাগান বিলাস)


বাগান বিলাস ।
বাগান বিলাস এদেশি মনে হলেও মূলত বিদেশি ফুল । অনিন্দ্য সুন্দর এই ফুলের বৈজ্ঞানিক নাম: Bougainvillea glabra, ইংরেজি নাম: Paper Flower বা lesser bougainvillea, পরিবার: Nyctaginaceae, শ্রেণীবিভাগ: Plantae, ফাইলাম: Angiosperms, শ্রেণী: Eudicots, বিন্যাস: Orderophyllales, মহাজাতি: Bougainvillea, প্রজাতি: B. Spectabilis ।
এটি একটি চিরহরিৎ সপুষ্পক লতানো গুল্ম জাতীয় উদ্ভিদ । আমাদের দেশে গৃহসজ্জ্বা, বাড়ীর চারপাশের সৌন্দর্য্য বৃদ্ধি, দপ্তর, উদ্যান, সিংহদ্বার বা প্রবেশপথ এবং বাগানে সুদৃশ্য (Ornamental Plant) আলংকরিক উদ্ভিদ বা শোভাবর্ধনকারী হিসেবে এটি চাষাবাদ করা হয় । দেশের প্রায় সব জায়গাতেই এ ফুল দেখা যায় । গাঢ় লাল, গোলাপী, হলুদ, সাদা, বেগুনি, নীলচে, কমলা । সারা বছরই ফোটে তবে, ফল ধারণ বিরল ঘটনা । এ ফুল গন্ধহীন । ফুলগুলো ক্ষণস্থায়ী হয় । অসাধারণ সুন্দর রঙের অধিকারী এ ফুলগাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা মহাদেশেের ব্রাজিল, পেরু, আর্জেন্টিনায় । গ্রীস্ম প্রধান অঞ্চলে ব্যাপক চাষ হয় । ফরাসি আবিষ্কারক Louis Otien de Bougainvillea এর নাম অনুসারে এ গাছের নামকরণ করা হয়েছে 'বোগেনভিলিয়া' । তিনি ব্রাজিলের বনে এই উদ্ভিদটি প্রথম দেখেন । বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে এবং তিনটি পাপড়ি তিন দিক থেকে একে অপরকে ঘিরে থাকে । এক একটি ফুলকে মনে হয় অনেকটা কাঁঠাল পাতা দিয়ে বানানো ঠোঙার মতো । তিনটি পত্র-মঞ্জরীর মধ্যখানে ফুটন্ত ছোট ফুলগুলো সাদা রঙের, ঘণ্টাকৃতি এবং সমান্তরাল প্রকৃতির হয় । এ ফুলের পাপড়িগুলো খুব পাতলা আর রঙিন কাগজের মতো দেখায় বলে এটি ‘কাগজের ফুল’ নামেও পরিচিত । পৃথিবী ব্যাপি উদ্ভিদটির প্রায় ১৮টি প্রজাতি রয়েছে । কিংবদন্তি আছে কোন এক অভিজাত ও বিলাসী লোকের বাড়ীর বাগানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এ অপূর্ব ফুল দেখে এর রঙ ও রূপের মুগ্ধতায় কৌতূহলবশতঃ ফুলটির নাম জানতে চান । অপরূপ সুন্দর এই ফুলের বিদেশি নামটি শুনে তার মনঃপুত হয়নি এবং কবি এর নাম দেন ‘বাগান বিলাস’। হয়তো ঐ লোকের আভিজাত্যপূর্ণ শৌখিনতা কিংবা ঐশ্বর্যময় বিলাসপূর্ণ বাগানে প্রথম দেখে কবি নিজেই বিলাসিত হয়ে ‘বাগান বিলাস’ নামকরণ করেন । বাংলাদেশের পরিবেশে এটি শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত । তবে, বাগানবিলাস গাছের বিষাক্ত রসের সংস্পর্শে চামড়ায় ফুসকুড়ির পরিবেশ সৃষ্টি করতে পারে । অনেক প্রজাতির বাগান বিলাস বিভিন্ন দেশে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় । বাগান বিলাসের ডাল কেটে চারা রোপণ করে এর বংশ বিস্তার করা যায় । এছাড়া, শীতকালীন পরিবেশে সবুজঘর প্রক্রিয়ার (Greenhouse) মাধ্যমেও এ গাছ উৎপাদন করা সম্ভব । বাগান বিলাস নিজ সৌন্দর্যে সপ্রতিভ হয়ে সবার নজর কাড়ে । 


https://en.wikipedia.org/wiki/Bougainvillea?fbclid=IwAR1ipOFUsRej8KeyJatNBv1U5gnNsd3pzvNoORZlwG3_5v0i-IFvlL-ydbM

No comments:

Post a Comment

প্রত্যাখ্যান (কবি: মায়া অ্যাঞ্জেলো)

প্রত্যাখ্যান কবি: মায়া অ্যাঞ্জেলো অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল প্রিয়তম, অন্য কোনো জীবনে বা দেশে আমি কি তোমার অধরের স্পর্শ অনুভব করে...